এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর এক বক্তব্যকে কেন্দ্র করে কিশোরগঞ্জে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বিতর্কে এবার সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।
সম্প্রতি কিশোরগঞ্জের এক সমাবেশে নাসীরুদ্দীন পাটোয়ারী বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বক্তব্যে তিনি তাকে ‘ফজু পাগলা’ এবং কিশোরগঞ্জের ‘কলঙ্ক’ বলে উল্লেখ করেন। এ মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।
এরই মধ্যে নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন কিশোরগঞ্জের সন্তান ও অভিনেতা খায়রুল বাসার। তিনি লেখেন, ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার, পরিচয় ও কিংবদন্তি। কোনো বহিরাগত এসে এমন একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা দিয়ে খায়রুল বাসার বলেন, কেউ চুপ থাকলেই যা খুশি বলা যায় না। তিনি দায়িত্বশীল আচরণ ও সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান।
খায়রুল বাসারের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি
