ঢাকাMonday, 23 November 2026 - 12:24 AM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়ানোর চেষ্টা করেছেন: মাহমুদা মিতু

নোটিশ বাংলা
November 13, 2026 9:08 pm
Link Copied!

সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

মাহমুদা মিতু বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।

এনসিপির এই নেত্রী বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে। এমনকি সেখানে দুটি ছাগল থাকত বলেও উল্লেখ করা হয়েছে।

এ সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, তিনি এখনো মনে করেন, এই ঘটনা আওয়ামী লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে তাঁর বিশ্বাস, এটি তাদেরই কাজ।

তিনি বলেন, গতকাল থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, তাঁর মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি।

নুসরাত তাবাসসুম আরও বলেন, কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত সেসব বিষয়। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তাঁরা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত—এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার আমি নিন্দা জানাই।

তিনি আরও বলেন, কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণ আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ ধরনের বক্তব্য ও আচরণের আমি তীব্র বিরোধিতা করছি।

শুক্রবার বিকেলে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

প্রসঙ্গত, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার সময় বাড়িটিতে মোট আটজন সদস্য অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হন। আগুনে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই। মামলায় আটজনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।