সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। শুক্রবার (৬ নভেম্বর) এ বিষয়ে অনুষ্ঠিত ভোটাভুটিতে মক্কা জোটে যোগ দেওয়ার বিলটি পাস হয়। এর ফলে সৌদি আরবে তুরস্কের সেনা মোতায়েনের পথ আরও এক ধাপ এগোল।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বিলটির পক্ষে তুরস্কের ২৭৯ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। অন্যদিকে, ১১৯ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি ও তাদের জোটের সংসদ সদস্যরা বিলটির পক্ষে ভোট দেন। বিরোধী দলের সদস্যরাও এতে সমর্থন জানান।
আগামী সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান বিলটি গেজেট আকারে প্রকাশ করবেন। ওই দিন থেকেই এটি কার্যকর হবে।
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তিনটি দেশ একে অপরের নিরাপত্তা রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দুই দেশ সহায়তায় এগিয়ে আসবে।
গত আগস্টে পবিত্র নগরী মক্কায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সশরীরে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
সৌদি আরব যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রায় প্রতিদিনের হামলার মুখে রয়েছে, তখন তুরস্কের পার্লামেন্টে বিলটি পাস হলো।
চুক্তির আওতায় সৌদি আরবকে রক্ষায় তুরস্কের সেনারা দেশটিতে মোতায়েন হতে পারেন। তবে তারা সরাসরি ইয়েমেনে প্রবেশ করে স্থল হামলায় অংশ নাও নিতে পারেন। এর পরিবর্তে সৌদি আরবে অবস্থান করেই দেশটির ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় কাজ করতে পারেন।
সূত্র: মিডল ইস্ট আই
