পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের খামারগুলোতে কোরবানির পশু নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিশাল আকৃতির ও ভিন্ন বৈশিষ্ট্যের পশু দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। সম্প্রতি ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের মহিষের পর এবার আলোচনায় এসেছে অদ্ভুত চেহারার ‘মোদি মহিষ’।
নারায়ণগঞ্জের একটি খামারে দেখা মিলেছে বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি আভাযুক্ত বিশাল আকৃতির এক মহিষের। লম্বা সাদা দাড়ি ও ব্যতিক্রমী চেহারার কারণে এটি এখন স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।
খামারটিতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন শুধু একনজর মহিষটিকে দেখার জন্য। দর্শনার্থীদের অনেকে বলছেন, কোরবানির ঈদকে ঘিরে এমন ব্যতিক্রমী পশু নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
খামার সূত্রে জানা যায়, শুরুতে মহিষটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এর চেহারা ও সাদা দাড়ির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। এরপর মজার ছলে অনলাইন জরিপের মাধ্যমে এর নাম রাখা হয় ‘মোদি’।
এর আগে একই এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুল ও চেহারার সঙ্গে মিল রয়েছে—এমন দাবি তুলে একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। পরে ‘নেতানিয়াহু’ নামের আরেকটি মহিষ নিয়েও ব্যাপক আলোচনা তৈরি হয়। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ‘মোদি মহিষ’।
খামারিরা বলছেন, ভিন্নধর্মী নাম ও অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে এসব পশুকে ঘিরে মানুষের আগ্রহ বেড়েছে। এতে খামারগুলোতেও দর্শনার্থীর উপস্থিতি বাড়ছে।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া জানান, খামারিরা নিজেদের আগ্রহ থেকেই পশুর এমন নামকরণ করেন। এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। তিনি আরও বলেন, এবার জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে।
পাশাপাশি কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি চিকিৎসা দল কাজ করবে বলেও জানান তিনি। এসব দল অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার দায়িত্ব পালন করবে।

