ঢাকাWednesday, 29 July 2026 - 09:16 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লতিফ সিদ্দিকী গ্রেফতার

নোটিশ বাংলা
July 29, 2026 7:01 pm
Link Copied!

শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ডিবি গুলশান বিভাগ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এর আগে বুধবার (২৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কথা তিনি জানতে পেরেছেন। গ্রেফতার না হলে আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করার কথাও জানিয়েছিলেন তিনি।

লতিফ সিদ্দিকী ওই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, তিনি তখন মন্ত্রী ছিলেন, তবে শাপলা চত্বরের ঘটনা বা সে সময়কার কোনো বিষয়ে তিনি কিছু জানেন না।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দেন। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি মন্ত্রিসভায় যোগ দেন। তবে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ২০১৪ সালে তিনি মন্ত্রিত্ব হারান এবং আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন।

পরে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বাতিল হয়।