বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষে চূড়ান্ত হয়েছে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ। রোববার (৭ জুন) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে জানা গেছে নতুন পরিচালকদের নাম। বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী, ২৩ জন পরিচালক সরাসরি ভোটের (বা বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং বাকি ২ জন পরিচালক সরকারি কোটায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে সরাসরি মনোনীত হয়েছেন।
নবগঠিত এই পর্ষদের পরিচালকদের ভোটে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। নিচে তিন ক্যাটাগরি ও এনএসসি কোটাসহ নির্বাচিত ২৫ পরিচালকের পূর্ণাঙ্গ তালিকা দেয়া হলো:
১. ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা): ১০ জন
এই ক্যাটাগরিতে ১০ জন পরিচালক নির্বাচিত হলেও সব বিভাগের ক্ষেত্রে বন্টন সমান নয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে নির্বাচিত হন দুজন করে পরিচালক। আর রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল থেকে নির্বাচিত হন একজন করে। ১০টি পদের বিপরীতে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি ৩টি পদের জন্য বরিশাল ও খুলনা বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- ঢাকা বিভাগ: সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
- সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
- রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম সীমান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
- রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
- চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
- বরিশাল বিভাগ: মিজানুর রহমান (ভোটের মাধ্যমে নির্বাচিত)
- খুলনা বিভাগ: শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন (ভোটের মাধ্যমে নির্বাচিত)
২. ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): ১২ জন
ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবগুলোর এই ক্যাটাগরিতে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ১৬ জন প্রার্থীর মধ্য থেকে ভোটযুদ্ধে জিতে পরিচালক হয়েছেন ১২ জন।
- তামিম ইকবাল (৭৩ ভোট)
- সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট)
- ইশরাফিল খসরু (৭২ ভোট)
- মাসুদুজ্জামান (৭০ ভোট)
- ফয়সাল ইয়াসির (৬৮ ভোট)
- ফাহিম সিনহা (৬৬ ভোট)
- শানিয়ান তানিম (৬৬ ভোট)
- আসিফ রাব্বানী (৬৪ ভোট)
- মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট)
- রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট)
- ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (৪১ ভোট)
- সাকেফ আহমেদ সালাম
৩. ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার): ১ জন
বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশেষ সংস্থা ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালজ সিরাজউদ্দিন মোঃ আলমগীর।
৪. জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত: ২ জন
- রুহুল আমিন
- সরফরাজ আহমেদ
প্রসঙ্গত, ক্রিকেটীয় ব্যক্তিত্বদের পাশাপাশি অভিজ্ঞ সংগঠকদের হাত ধরে বিসিবির এই ২৫ সদস্যের নতুন পর্ষদ দেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেটপ্রেমীদের।

