রংপুর নগরীর হাজিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হাকিম নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (২৭ মে) দুপুরে হাজিরহাট থানার এক নম্বর ওয়ার্ডের রণচণ্ডী মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা সংঘটিত হয়েছে। জানা যায়, অভিযুক্ত আব্দুল হাকিম একই এলাকার মৃত সুজা মিয়ার ছেলে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি কলাবাগানে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে হাকিম। ঘটনাটি ওই গ্রামের এক যুবক দেখে ফেলে এবং চিৎকার শুরু করে। পরে লোকজন ছুটে আসে এবং শিশুটিকে উদ্ধার করে। এরপর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে হালকা মারধর করে পুলিশে খবর দেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

