বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব হারলেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের পরিবর্তে পঞ্চাশ ওভারের সংস্করণের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব পালন করবেন লিটন দাস। এতে সাদা বলের দুই সংস্করণেই দায়িত্ব সামলাবেন তিনি। সাদা বলের নতুন সহ অধিনায়ক তাওহিদ হৃদয়।
পূর্ণকালীন অধিনায়ক হিসেবে মিরাজ ২০টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন। এর মধ্যে ১০টি ম্যাচে জয় পায় দল। তবে তার অধিনায়কত্বের শুরুটা সহজ ছিল না। প্রথম ছয় ওয়ানডের মধ্যে পাঁচটিতেই হারে বাংলাদেশ, পাশাপাশি টানা দুটি সিরিজ হাতছাড়া করে।
পরে অবশ্য ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ দল। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারায় স্বাগতিকরা। তবে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজে পরাজয়ের স্বাদ পেতে হয় মিরাজদের।
