ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রহিমা আক্তার নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ওই শিশুর মৃত্যু হয়। বুধবার সকালে শারীরিক খারাপ অবস্থা নিয়ে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রহিমা আক্তার মাদারীপুর সদর উপজেলার কাউদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ খানের মেয়ে।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১ এপ্রিল) সকালে হামের উপসর্গ নিয়ে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময়ই তার শরীর বেশ খারাপ ছিল। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ওই শিশুটি সকালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে আমরা ওর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি।
তিনি বলেন, যদিও আমরা ওর হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাইনি। তবে উপসর্গ দেখে আমাদের চিকিৎসকরা একে ‘ক্লিনিক্যালী হাম’ জনিত কারণে মৃত্যু বলে মন্তব্য করেছেন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন নয় জন রোগী ভর্তি হয়েছেন। এই দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ২৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে মেডিকেলে ১৮ ও জেনারেল হাসপাতালে ৮ জন ।

