ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করেছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝেছেন। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।
মিনু বলেন, আমরা ইচ্ছে করলে সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানে অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী ৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির নেতারা।

