চট্টগ্রামের সন্দ্বীপে ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩৭ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
আটক রোহিঙ্গাদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৭ জন শিশু রয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে।
আটক রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, গত ৯ মার্চ এক দালালের সহযোগিতায় জনপ্রতি ৫ হাজার টাকা চুক্তিতে তারা ভাসানচর থেকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে রওনা দেন। গাজী মাঝির একটি ট্রলারে করে যাত্রা শুরু করলেও তিন দিন ভাসানচরের জঙ্গল এলাকায় এবং দুই দিন ট্রলারে রাখা হয় তাদের।
পরে শুক্রবার রাত ১০টার দিকে সন্দ্বীপ উপকূলে নামিয়ে দিয়ে ট্রলারটি চলে যায়। যাওয়ার সময় দালালচক্র রোহিঙ্গাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ করেন তারা।
পরে তারা হেঁটে সন্তোষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
পরে আটক রোহিঙ্গাদের সাময়িকভাবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের ভাসানচরে ফেরত পাঠানো হবে।

