ঢাকাFriday, 31 July 2026 - 08:11 PM
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. জেলা সংবাদ / বিভাগীয় সংবাদ
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা ফিরলে আইনের বাইরে কিছু করবে না সরকার : আইনমন্ত্রী

নোটিশ বাংলা
July 31, 2026 6:47 pm
Link Copied!

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে এবারে সরকার আইনি যা যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে এলে তো ভালো। তিনি দেশে এলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।’

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলো সংস্কারই গ্রহণ করেছি। এর বাইরে বাকি যেগুলো আছে, সেগুলো সংশোধনের জন্য আমরা বিশেষ কমিটি গঠন করেছি। জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নিয়ে যে সংশোধনগুলো করার দরকার, আমরা সেগুলো করবো।’

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সরকার আইন, আদালত, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে। এখন যথাযথ আইনিভাবে মামলার তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যরা।