বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্টে এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) পরিচালিত অভিযানে পণ্যের মান পরীক্ষা না করা এবং বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ফিড, ফিশ ফিডসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এ অপরাধে বিএসটিআই আইন অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে আরও ২ লাখ টাকা, মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে রূপগঞ্জের আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকেও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেডকে মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়া লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন ও বাজারজাতের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ নামের দুটি প্রতিষ্ঠান বিভিন্ন ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার (Lyzol, Hirpic ও Vin) উৎপাদন ও বাজারজাত করছিল। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাজধানীর হাজারীবাগে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির দায়ে ‘মিঠাই’ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং মান সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করায় অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানগুলো পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, লুৎফুন্নেসা খানম ও মো. মাহবুবুল ইসলাম। এ সময় বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
