ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বঙ্গভবনে প্রথম অফিস করবেন। তবে তিনি বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করলেও স্পিকারের বাসভবনেই থাকবেন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল থেকে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এদিকে পদত্যাগের দুই দিন পর রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে রাষ্ট্রপতির পদ ও বঙ্গভবন ছেড়েছেন তিনি।
