পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা ও বড় ভাইয়ের নামে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে স্কুল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।
রবিবার খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত এ মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছে। মামলা নং ৭৩৯।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকাল সোয়া দশটার দিকে রজাপাড়া গ্রামের নুরুজ্জামান কাফি, তার পিতা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই মামুন মাটি কাটার ভেকু মেশিন, ভ্যান, কোদাল এবং খোয়া নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রজপাড়া মৌজার বিএস ১২ নং খতিয়ানের ৫৯ নং দাগের জমিতে প্রবেশ করে।
পরে জমির মাটি কেটে আকার-আকৃতি পরিবর্তন করে চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করে। খবর পেয়ে ওই বিদ্যালয়ের ৫ জন সহকারী শিক্ষক নিয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে যান এবং রাস্তা তৈরীতে বাধা দেন। এতে কাফি ক্ষিপ্ত হয়ে আবদুর রহিমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে সকল শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং ধাক্কাধাক্কি দিয়া তাদের খুন জখমের ভয়ভীতি দেখায়।
