বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজ দেশের খেলোয়াড়দের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করেন স্পেনের সাবেক মিডফিল্ডার গাইজকা মেন্ডিয়েতা। তবে প্রতিপক্ষকে অনিশ্চিত ও কঠিন বলে স্বীকার করলেও ম্যাচের ফল স্পেনের পক্ষেই যাবে বলে মনে করেন তিনি। ‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’ বলেও ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির সাবেক এ মিডফিল্ডার।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের আগে টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মেন্ডিয়েতা বলেন, স্পেনের খেলার ধরন অনেকটাই অনুমান করা যায়, কিন্তু আর্জেন্টিনাকে বোঝা অনেক বেশি কঠিন।
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছে স্পেন। পুরো টুর্নামেন্টে দলটির রক্ষণও ছিল অনেক শক্তিশালী। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কেটেলারের হেড থেকে একটি গোল খাওয়া ছাড়া আর কোনো গোল হজম করেনি তারা। অন্যদিকে, মিকেল ওয়ারসাবালকে সামনে রেখে গড়ে ওঠা আক্রমণভাগও ছিল কার্যকর। তিনি শুধু গোলের সুযোগই তৈরি করেননি, সতীর্থদের খেলাতেও সম্পৃক্ত রেখেছেন।
মেন্ডিয়েতার মতে, স্পেনের বিপক্ষে প্রতিপক্ষ আগেভাগেই পরিকল্পনা সাজাতে পারে। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে সেটি সম্ভব নয়। তিনি বলেন, ‘স্পেন কীভাবে খেলবে, সেটা অনেকটাই অনুমান করা যায়। তাই তাদের বিপক্ষে পরিকল্পনা করা সহজ। বোঝা যায়, তারা কোন জায়গায় ভালো এবং কীভাবে খেলবে।’
কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি আগে থেকে নিশ্চিত হতে পারবেন না,’ যোগ করেন মেন্ডিয়েতা। তিনি বলেন, ‘মনে হতে পারে তারা ছোট ছোট পাসে খেলবে, কিন্তু হঠাৎই তারা লং বল খেলতে শুরু করবে। আবার কখনো ছোট পাস, কখনো মেসিকে লক্ষ্য করে ক্রস, আবার কখনো সেট-পিস—তাদের খেলার ধরন খুবই অনিশ্চিত।’
তিনি আরও বলেন, ‘ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, স্পেনের জন্য ফাইনালে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেলে আমি বেশি স্বস্তি পেতাম।’
বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য ফল জানতে চাইলে স্পেনের সাবেক এই তারকা বলেন, ‘আমার মনে হয় স্পেন ২-১ ব্যবধানে জিতবে।’ তার ভাষায়, ‘লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল—দুজনই গোল করবে। আর উনাই সিমন একটি পেনাল্টি ঠেকাবে।’ মেন্ডিয়েতার এই ভবিষ্যদ্বাণী মেসির জন্য সুখকর নাও হতে পারে।
মেন্ডিয়েতার মতে, স্পেনের উনাই সিমন এবং আর্জেন্টিনার গোলরক্ষক—দুজনই এই বিশ্বকাপের সেরা গোলরক্ষকদের মধ্যে রয়েছেন। নিজের খেলোয়াড়ি জীবনে ৩৫টি পেনাল্টির মধ্যে মাত্র তিনটি মিস করা এই সাবেক মিডলসব্রো তারকা বলেন, ‘আমি মনে করি না, ১২ গজ থেকে আমি তাদের কাউকেই মোকাবিলা করতে চাইতাম। দুজনই অসাধারণ গোলরক্ষক এবং টাইব্রেকার কিংবা পেনাল্টি ঠেকানোর ক্ষেত্রে খুবই দক্ষ।’
তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপে আমরা দেখেছি, গোলরক্ষকরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমন অনেক গোলরক্ষকও নিজেদের প্রমাণ করেছেন, যাদের নিয়ে আগে খুব বেশি আলোচনা ছিল না।’
শেষে তিনি বলেন, ‘আমার মতে, দুই দলই ফাইনালে ওঠার যোগ্য। যদি একেকটি পজিশন ধরে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে টুর্নামেন্টজুড়ে নিজেদের অবস্থানে সেরাদেরই তারা মাঠে নামিয়েছে। আর দুই দলের গোলরক্ষকরাই নিঃসন্দেহে বিশেষ মানের খেলোয়াড়।’
