সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, শনিবারের (১৮ জুলাই) এই হামলা ছিল প্রায় চার মাসের মধ্যে সৌদি আরবে ইরানের প্রথম সরাসরি হামলা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সর্বশেষ এপ্রিলের শুরুতে সৌদির জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার সময় ইরান দেশটির কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।
তবে শনিবারের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হামলার সুনির্দিষ্ট লক্ষ্য বা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
