মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, এ হামলায় ঘাঁটিতে থাকা একাধিক মার্কিন সামরিক বিমান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আগের রাতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে মোতায়েন থাকা মার্কিন সামরিক বিমানগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস এবং আরও কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া আইআরজিসি জর্ডানের জনগণের প্রতি দেশটিতে থাকা ‘মার্কিন স্বার্থের’ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে আইআরজিসির এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে জর্ডান সরকার বা মার্কিন সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে *টাইমস অব ইসরায়েল*।
এর আগে জর্ডান কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, হামলায় কয়েকটি সেতু, একটি রেলস্টেশন, একটি বিমানবন্দর এবং অন্যান্য অবকাঠামো ক্ষতির মুখে পড়ে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।
