বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইট বা পাথরের টুকরা আঘাত করার ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতার চেষ্টা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। সফর উপলক্ষে মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে সড়কের পাশে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীদের জানান, গাড়িবহরটি মাদারীপুরের সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় নিরাপত্তা বহরের পেছনের একটি গাড়ির সামনে হঠাৎ একটি ইট বা শক্ত বস্তু এসে আঘাত করে। ঘটনাটি মুহূর্তের মধ্যেই উপস্থিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে অভ্যর্থনা জানাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীও উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এমন সময় নিরাপত্তা বহরের একটি গাড়ির দিকে একটি বস্তু ছুটে আসতে দেখা যায়।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, দূর থেকে একটি পাথর বা শক্ত বস্তু গাড়িবহরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। কেউ কেউ ঘটনাস্থলের আশপাশে থাকা এক যুবকের দ্রুত সরে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, কোনো চলন্ত গাড়ির চাকা থেকে পাথরের টুকরা ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে—সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও দায়ের হয়নি।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বহরের একটি গাড়িতে ইট বা পাথরের মতো একটি বস্তু আঘাত করার বিষয়টি আমরা জেনেছি। এটি কী ছিল এবং কীভাবে সেখানে পৌঁছেছে, তা যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ নিক্ষেপ করেছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালেই ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন এবং সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পৌঁছান। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে বরিশাল নগরীতেও একাধিক সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী ব্যস্ত সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন। তার সফরকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
