স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে না হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের সার্বিক উন্নয়নে সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। সেলাই মেশিন, হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
