জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন। সরে দাঁড়াচ্ছেন বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে যানানো হয়েছে।
জানা গেছে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে যাচ্ছেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল মার্কায় ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় সর্বোচ্চ ভোটও পান ইসহাক সরকার। বিগত শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
