হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই জানিয়েছেন, প্রণালিটি দিয়ে জাহাজ চলতে হলে ইরানি মুদ্রায় টোল দিতে হবে।
রোববার (১২ এপ্রিল) ইরানের বার্তাসংস্থা মেহের নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বার্তাসংস্থা মেহের নিউজকে হাজি বাবাই বলেছেন, “হরমুজ আমাদের রেডলাইন। এ মুহূর্তে হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে এবং টোল অবশ্যই ইরানি রিয়ালে দিতে হবে।”
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে বলেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং সমুদ্রের মাইন অপসারণে কাজ করছে। তবে, সেন্ট্রাল কমান্ডের এই দাবি অস্বীকার করেছে ইরান।
ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
ইরানের রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
সূত্র: বিবিসি।
